Image description

ইরানকে ভাগ করে এর তেলসম্পদ দখলের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন।

সোমবার সংবাদ সম্মেলনে ইসমাইল বাগাই বলেন, ‘তাঁদের পরিকল্পনা পরিষ্কার এবং উদ্দেশ্যও স্পষ্ট। তাঁরা আমাদের দেশকে ভাগ করে আমাদের তেলসম্পদ অবৈধভাবে দখল করতে চায়।’

বাগাই আরও বলেন, ‘তাঁদের (যুক্তরাষ্ট্র) লক্ষ্য হলো আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আমাদের জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা।’ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সব ধরনের আন্তর্জাতিক আইনকে ঝুঁকির মুখে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আন্তর্জাতিক সব রীতিনীতি ও প্রথা লঙ্ঘন করেছে।’

সংবাদ সম্মেলনে বাগাই আরও অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার আগে যে কূটনৈতিক আলোচনা চলছিল, যুক্তরাষ্ট্র তা ‘নস্যাৎ’ করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলাম, তখনই তারা যুদ্ধ শুরু করেছে। তাই এখন আমরা একযোগে আমাদের দেশ রক্ষা করছি।’

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন ইসমাইল বাগাই। বাগাই বলেন, ইরানের ভবিষ্যৎ দেশটির ‘জনগণের ইচ্ছা’ অনুযায়ী নির্ধারিত হবে। তিনি আরও যোগ করেন, ‘ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

সংবাদ সম্মেলনে ইসমাইল বাগাই গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের ওপর ইরানের হামলা চালানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন।

বাগাই বলেন, গত সপ্তাহে ওই তিন দেশের দিকে ইরানি গোলাবারুদ নিক্ষেপের যে খবর এসেছে, তার কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, এসব দেশের বিরুদ্ধে ইরানি ভূখণ্ড থেকে কোনো ধরনের ‘আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি’।

হামলার এই খবরগুলোকে সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, আমাদের সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্কে ফাটল ধরাতে শত্রুপক্ষ নির্দিষ্ট কিছু হামলা সাজাতে পারে।’
সূত্র: আল–জাজিরা