রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এল এ প্লাজা নামের ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ তলা ভবনটির চতুর্থ তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তেই ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ ওপরের দিকে ছুটতে থাকেন। একপর্যায়ে তারা ছাদে আশ্রয় নেন। ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে ভবনের পাঁচতলা ও সাততলার সিঁড়ি থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল জানান, মৃত পুরুষ ব্যক্তির নাম রাকিব হাসান। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন বলেন, আহত দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা সম্ভবত সেখানে মার্কেট করতে এসেছিলেন।