Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তে বার্মিজ গরু জব্দ করতে গিয়ে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য ও এক চোরাকারবারি আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ির রেইক্যাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত বিজিবি সদস্যরা হলেন শরীফ (৩৪) ও রাজু (৩৫)। অপর আহত ব্যক্তি মোহাম্মদ ইসমাইল ওরফে পুতিয়্যা (৪০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার বাসিন্দা।

 

বিজিবি জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বেশ কিছু গরু বাংলাদেশে আনা হচ্ছে। খবর পেয়ে ফুলতলী বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে গরু জব্দ করার চেষ্টা করে। এ সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

 

একপর্যায়ে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিজিবি টহল দলের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে বিজিবি একটি গুলি ছোড়ে। গুলিটি মোহাম্মদ ইসমাইলের পেটে লাগে।

 
 

 

আহত ইসমাইলের স্বজন মোহাম্মদ আবদুল মালেক বলেন, ইসমাইলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর, এখনও শঙ্কামুক্ত নন। অপরদিকে আহত দুই বিজিবি সদস্য কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম কপিল উদ্দিন কায়েস বলেন, ফুলতলী বিওপির রেইক্যাছড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানোর সময় বিজিবি টহল দল ৩০-৪০টি বার্মিজ গরু বহনকারী চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিজিবির ওপর অতর্কিত হামলা চালান। এতে দুই বিজিবি সদস্য আহত হন এবং বিজিবির প্রতিরোধে এক চোরাকারবারি আহত হন।

 

তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।