শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতকে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দুই বছরের জন্য কারস্টেনের এই নিয়োগ কার্যকর হবে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন দেশটির কিংবদন্তি ব্যাটার সনাৎ জয়াসুরিয়া।
এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের হাই-পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই কারস্টেনকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তার প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের জন্য লঙ্কান দলকে প্রস্তুত করা।
গ্যারি কারস্টেনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।
এরপর ২০১৩ সাল পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ওই বছরই কারস্টেনের কোচিংয়ে তিন সংস্করণেই আইসিসি র্যাংকিংয়ে এক নম্বর দল হওয়ার স্বাদ পায় প্রোটিয়ারা।
লঙ্কান দলে যোগ দেওয়ার আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন কারস্টেন।
খেলোয়াড় হিসেবেও কারস্টেনের রেকর্ড উজ্জ্বল। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ১৪০৮৭। টেস্টে ২১টি সেঞ্চুরি করেছেন, ওয়ানডেতে ১৩টি।
কয়েক দিন আগে বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্সকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি।