চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেছেন, দীর্ঘদিনের আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর অবশেষে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। আমাদের অভিযান সফল হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করার পাশাপাশি কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে আজ থেকে দুটি ক্যাম্প থাকবে; একটি পুলিশের এবং অন্যটি র্যাবের।’
অভিযান এখনো চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কতজন আটক হয়েছে এবং কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তা অভিযান শেষে বলা যাবে।’
সোমবার ভোর ৫টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের প্রায় তিন হাজার সদস্য জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের সময় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে, যাতে কেউ পালিয়ে যেতে না পারে।