Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’র মূল ফটকে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’ নামে শোলার তৈরি একাধিক ফেস্টুন লাগিয়ে সাজসজ্জা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এরপরই সেগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে শাখা ছাত্রশিবির।

আজ সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মসজিদের প্রধান ফটকের ওপরে সবুজ রঙের একটি সাইনবোর্ডে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’ লেখা রয়েছে। অন্য দুটিকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানানো হয়। 

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে—বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মতো একটি স্থানে কোনো ছাত্র সংগঠনের নাম প্রদর্শন করা কতটা যৌক্তিক। সংগঠনের নাম ব্যবহারের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন তুলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি নেতা মীর আরশাদুল হক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মূল ফটকের ছবি। চিন্তা করেন অবস্থা। ঢাবি  কেন্দ্রীয় মসজিদে এইভাবে একটা ছাত্র সংগঠনের নাম দেয়া যাইতে পারে? ঢাবিতে কি অন্য কোন ছাত্র সংগঠন ক্রিয়াশীল আছে?’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবির একটি র‍্যালি আয়োজন করেছিল। একই সঙ্গে কেন্দ্রীয় মসজিদ সাজানোর উদ্যোগ নেওয়া হয়। সেই আয়োজনের অংশ হিসেবেই কয়েকটি সাইনবোর্ড টানানো হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘রমজান মাস উপলক্ষে ভেবেছিলাম সাইনবোর্ডগুলো পুরো মাসজুড়ে থাকবে। তবে বিষয়টি নিয়ে যেহেতু সমালোচনা তৈরি হয়েছে, তাই সাইনবোর্ডটি সরানোর বিষয়টি আমরা ভাবছি।’