ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কিনতে এসে কথাকাটাকাটির জের ধরে পিটুনিতে আল মিরাজ নামে এক যুবক নিহত হয়েছেন। নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য।
শনিবার রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে প্লাস্টিক বোতলে তেল নিতে আসেন আল মিরাজ নিরব (২৩)। সে সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। পরে নিরব পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। সে ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন।
এছাড়া নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানিয়েছেন, এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তাজ ফিলিং ষ্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ ওরফে সৃজনী হারুন।