Image description

ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার যে সাহস কেউ করেনি সেটা তারা করে দেখিয়েছে।

হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত সাংবাদিকদের দেখতে শুক্রবার বিকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, সুস্থ হওয়ার পর যদি আমার ছাত্রদল কোনো অন্যায় করে সবার আগে নিউজ করবে। আর রবিবারের মধ্যে এই ঘটনার বিচার হবে। মনোবল হারাবে না, সাহস রাখো আশ্বাস নয়, অঙ্গীকার দিচ্ছি।

রাকিবুল ইসলাম আরও বলেন, নতুন বাংলাদেশে এই ধরনের হামলা কোনোভাবে কাম্য নয়। কথা দিয়ে যাচ্ছি এর যথাযথ তদন্ত ও সুস্থ বিচার করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাব দিতে হবে কেন এমন হামলা করেছে শিবির।

ছাত্রদল সভাপতি বলেন, শিবিরের এমন নেক্কারজনক হামলার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। তবে এ হামলার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সর্বোচ্চ পর্যায় থেকে এর জন্য যা করা দরকার তাই করব।

তিনি আরও বলেন, এ হামলা প্রশাসন এবং শিবিরের সুপরিকল্পিত। কারণ আমরা জানতে পেরেছি আগে থেকে শিবিরের নেতাকর্মীরা সেখানে লাঠিসোঁটা ও স্টাম্প জড়ো করে রেখেছিলেন। এমনকি পুরো বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাও বন্ধ ছিল হামলার সময়, এটাও রহস্য সৃষ্টি করেছে। সবকিছুর তদন্ত এবং বিচার আগামী রবিবারের মধ্যেই হবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্ববায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামছুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মুস্তাফিজুর রহমান রুমি, মাহমুদুল হাসান, রবিউল আউয়ালসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলার ঘটনায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ সংবাদ সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. মিলন হোসেন, জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মিজান উদ্দিন মাসুদ, প্রথম আলোর প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক বর্তমানের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক তরুণকণ্ঠের প্রতিনিধি আবিধ হাসান বাঁধন, ব্রেকিং নিউজ ডটকমের প্রতিনিধি মো. ইয়াসিন সাইফ, বাংলাদেশ গার্ডিয়ানের হাবিবুর রহমান, রূপালি বাংলাদেশের নাফিজ উদ্দিন, রেডিও টুডের আবুল হাসনাতসহ আরও কয়েকজন।

শীর্ষনিউজ