ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনহোকে জাল পাসপোর্ট সরবরাহের অভিযোগে অভিযুক্ত এক প্যারাগুয়ান নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। খবর স্পোর্টস্টারের।
৫৫ বছর বয়সী দালিয়া লোপেজ ছয় বছর পলাতক থাকার পর গত ২ এপ্রিল রাজধানী প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি পুলিশ হেফাজতে ছিলেন।
সোমবার (১৩ এপ্রিল) এক বিচারক তাকে পালিয়ে যাওয়ার ঝুঁকিপূর্ণ মনে করে বিচারপূর্ব আটকাদেশ দেন। তাকে আসুনসিওন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এমবোসকাদা শহরের একটি নারী কারাগারে পাঠানো হয়েছে।
লোপেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোনালদিনহো (পূর্ণ নাম রোনালদো দে আসিস মোরেইরা) এবং তার ভাই ও এজেন্ট রবের্তো দে আসিস মোরেইরাকে জাল নথি সরবরাহ করেছিলেন। তবে তারা কেন এসব নথি ব্যবহার করতে চেয়েছিলেন, তা এখনও পরিষ্কার নয়।
২০২০ সালের মার্চে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় একটি চ্যারিটি অনুষ্ঠানে অংশ নিতে রোনালদিনহোকে প্যারাগুয়ে আমন্ত্রণ জানান লোপেজ। কিন্তু দেশটিতে পৌঁছানোর দুই দিনের মাথায় রোনালদিনহো ও তার ভাইকে জাল পাসপোর্ট ও ভুয়া পরিচয়পত্রসহ আটক করা হয়।
তারা প্রায় এক মাস কারাগারে এবং পরবর্তী চার মাস আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দি অবস্থায় ছিলেন। জামিন হিসেবে ১৬ লাখ মার্কিন ডলার জমা দিতে হয়েছিল।
ঘটনাটির আরেকটি রহস্যজনক দিক হলো; ব্রাজিলিয়ান নাগরিকরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই প্যারাগুয়েতে প্রবেশ করতে পারেন, পাসপোর্টের প্রয়োজন হয় না। তবুও কেন তারা জাল পাসপোর্ট ব্যবহার করেছিলেন, তা এখনও অজানা।
এ পর্যন্ত এই মামলায় মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।