Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন।

 

আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। আদেশের বিষয়টি নিশ্চিত করে হাসানুল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

 

তিন উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। নির্বাচনের ফল ঘোষণার পর ওই আসনের ১৫, ১৭, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ১১৬, ১১৭, ১২৮ ও ১৩৫ নম্বর কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেন বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ।

 

পরবর্তীতে প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

 
 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পান জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।