Image description

তুরস্কে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার তারেক মিয়া (৪৫) ও তাঁর ছেলে সাব্বির (২২)। এ ঘটনায় একইসঙ্গে থাকা সাব্বিরের চাচাতো ভাই লিটন মিয়া (২৬) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রায় ১৬ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান তারেক মিয়া। সেখানকার কুর্দিস্তান আরবিল নামক এলাকায় একটি প্লাস্টিকের কম্পানিতে চাকরি করতে তিনি। বছরদুয়েক আগে তারেক মিয়া তাঁর ছেলে সাব্বিরকেও সেখানে নিয়ে যান। গত মঙ্গলবার রাতে কম্পানিতে কাজ শেষে বাসায় এসে বাবা-ছেলেসহ মোট পাঁচজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

বুধবার সকালে সাড়াশব্দ না পেয়ে কর্মরত প্রতিষ্ঠানের লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

তারেক মিয়ার সহকর্মীরা জানান, তুর্কি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে খাদ্যে বিষক্রিয়ায় থেকে তাদের মৃত্যু হয়ছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বাবা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ছুটে এসে পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। পাশাপাশি দ্রুত লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

 

তারেক মিয়ার স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘আমার বাবা-ভাই কেউই বেঁচে নেই। এখন আমার স্বামী-সন্তানও মারা গেছে।

আমি একদম নি:স্ব হয়ে গেছি। আমার এক বছরের নাতিও তার বাবাকে হারিয়েছে। কিভাবে বাঁচব আমি জানি না। আমার স্বামী-সন্তানের মুখ আমি দেখতে চাই।’