জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন শিক্ষক মাহেরীন চৌধুরী। যিনি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিস্ফোরণে নিহত হন। তাকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে তার নাম চূড়ান্ত করা হয়।
এ বছর স্বাধীনতা পুরস্কার মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়া।
ব্যক্তির মধ্যে সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। একই ক্যাটাগরিতে পুরস্কার পাবেন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।
গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় নিহত হন শিক্ষক মাহেরীন চৌধুরী।
এ ঘটনায় পরবর্তীতে তার নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার।