Image description

বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

 

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ও দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

 

তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কারপ্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল, তা ব্যাহত হচ্ছে। এ সময় তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করার জোর দাবি জানান।

 

সংস্কার পরিষদের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে।’

 

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

 

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।