Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।

 

তবে এ হামলার ঘটনায় ছাত্রশিবিরকে দোষারোপ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

 

বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জকসুর জিএসের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দখলের চেষ্টা। হামলায় বেশ কিছু সাংবাদিক আহত। জবি সাংবাদিক সমিতি ভবনে শিবিরের নেতাকর্মীদের কাজ কি?

 
 

 

তিনি লেখেন, ‘৫টি ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত শিবিরের নিজ দলীয় ভিসি, প্রক্টর, নির্বাচন কমিশনের প্রকাশ্য অনৈতিক সহযোগিতায় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে বেশ কিছু সাংবাদিক সমিতি তথা বেশ কিছু ভুঁইফোঁড় সাংবাদিকদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভবনে জকসুর জিএস এবং শিবিরের নেতাকর্মীদের নেতৃত্বে সাংবাদিক সমিতি দখলের চেষ্টা ছাত্র সংসদ নির্বাচনে অভিযোগ প্রমাণিত হলো।’

 

পোস্টের শেষে তিনি লেখেন, ‘সব দালালদের মুখোশ উন্মোচিত হবে এবং জবাব দেওয়া হবে।’