ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ সকালে জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ মারণাস্ত্রগুলোকে শনাক্ত করার জন্য দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা ইরানি ‘হুমকি প্রতিহত করার’ জন্য কাজ করছে। ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
অপরদিকে ইরানের তাসনিম বার্তা সংস্থা বিপ্লবী গার্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন, ইউরোপীয় বা ইসরায়েলি জাহাজ দেখা গেলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তারা আরও বলেছে, যুদ্ধকালীন সময়ে নৌযান চলাচল ‘ইরানের নিয়ন্ত্রণে’ থাকবে।
ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তর, যেটি বড় সামরিক অভিযান ও কৌশলগত সমন্বয় পরিচালনার দায়িত্বে রয়েছে, এর উপ-প্রধান ঘোষণা করেছেন, তারা হরমুজ প্রণালি বন্ধ করেননি। ইরান আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে জাহাজগুলোর সঙ্গে আচরণ করছে।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ঘোষিত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত ‘যত দিনই যুদ্ধ চলুক না কেন’ তার জন্য প্রস্তুত রয়েছে ইরান।