বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে নিয়ে অপু কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহ-সম্পাদক মামুন শেখের বিরুদ্ধে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে কচুয়া থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন অপু কর্মকার।
অপু কর্মকার বলেন, সাইনবোর্ড বাজারে প্রায় ৪০ বছর ধরে আমার স্বর্ণের ব্যবসা। বাজারে আমার আরও ৩টি দোকান ভাড়া দেওয়া আছে। মামুন জাতীয় নির্বাচনের ১০ দিন আগে ওই তিন দোকানের ভাড়াটিয়ার কাছে ভাড়ার টাকা চান। তখন স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। আবার বুধবার সন্ধ্যায় আমার ভাড়াটিয়াদের কাছে টাকা চান তিনি। আমি ভাড়াটিয়াদের নিষেধ করি। তখন মামুন লোক পাঠিয়ে আমাকে বাজার কমিটির অফিসে ডেকে নেন। সেখানে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের কাছে নালিশ করেছিস বলেই আমাকে মারতে শুরু করে। মামুন মারতে মারতে আমাকে দোকানের সামনে নিয়ে আসে। দৌড় দিয়ে যখন দোকানে ঢুকেছি, তখন দোকানে ঢুকে আবারও মেরেছে। আমার দোকান তালা মেরে দিয়েছে।
অভিযোগ অস্বীকার করে মামুন শেখ বলেন, অপু কর্মকারের ছোট ভাইয়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে অফিসে ডাকা হয়েছিল। কথা বলার সময় তাকে দু-একটি ধাক্কা দেওয়া হয়েছে। মারা হয়নি।
জানতে চাইলে বাজার কমিটির সভাপতি ও রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, সন্ধ্যায় জরুরী সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে