Image description

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সীমিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনোভাবেই সড়কে চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সমিতির নামে নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অবৈধ অর্থ আদায় করলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এসি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের আগে যানজট কমাতে পোশাক কারখানার ছুটি ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার গার্মেন্টস কারখানায় ছুটি কার্যকর করা হবে।

এ ছাড়া মহাসড়কের ওপর অস্থায়ী দোকানপাট, যত্রতত্র পার্কিং ও থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করবে। ঈদের আগে ও পরে কয়েক দিন পচনশীল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া ভারী ট্রাক ও লরি চলাচল সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সড়কের অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার প্রবেশপথ ও মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঈদের ১০ দিন আগেই সংস্কার শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। টোল প্লাজায় যানজট কমাতে প্রয়োজনে আগাম টিকিট ব্যবস্থা চালুর প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, নৌপথে সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চনঘাটে দুটি অস্থায়ী স্টেশন চালু করা হয়েছে। গার্মেন্টস কর্মীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ বাস প্রস্তুত রাখা হবে এবং যাত্রী হয়রানি রোধে বাস টার্মিনাল ও মহাসড়কে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

এ ছাড়া রেলওয়ের লেভেল ক্রসিংগুলোতে সময় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্রসিংয়ের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি না হয়।