Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার (৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরসমিয়া ও নূরধন মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।

 

কিন্তু ওই ঘটনার জেরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়া এলাকার লোকজন আরস মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। মুহূর্তেই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 
 

 

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে নূরধন মিয়াকে মারধরের ঘটনা ঘটে। পরে বুধবার সকালে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।