মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর ওপর যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে, তা যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে ওয়াশিংটনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান ব্যক্ত করা হয়।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, পল কাপুরের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের সংকট গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ‘আমি তার কাছে উল্লেখ করেছি, আমাদের দুজন বাংলাদেশি মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। এই যুদ্ধ দীর্ঘতর বা বিস্তৃত হলে এই শঙ্কা আরও বাড়তে পারে। এবং একই সঙ্গে আমাদের মতো দেশের পক্ষে এই যুদ্ধের অর্থনৈতিক যে প্রতিক্রিয়া হবে, সেটা বহন করা দুঃসাধ্য।’
ড. খলিলুর রহমান আরও বলেন, ‘আমরা তাকে বলেছি, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক একটা সুযোগ দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা যেন চেষ্টা করেন।’
ব্রিফিংকালে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুদ্ধ কবে বন্ধ হবে সে বিষয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কিছু বলেছেন কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধ কবে বন্ধ হবে সেটা তো সম্পূর্ণ তাদের হাতেও নাই। এটা তো কেউ বলতে পারবে না।’
পাল্টা উত্তরে ওই সাংবাদিক যখন মন্তব্য করেন যে ‘তারা শুরু করেছেন’, তখন খলিলুর রহমান বলেন, ‘না, না– এটা কোনো প্রশ্ন হতে পারে না।’
বিস্তারিত আসছে…