Image description

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করতে বাংলাদেশ আগ্রহী।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মন্ত্রী ১৯৭১ সালে রণক্ষেত্রে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো হাইকমিশনারের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সরকার ও সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল এক অনন্য দৃষ্টান্ত।

মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠতম প্রতিবেশী। দুই দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা ও যোগাযোগ আরও বাড়ানোর মাধ্যমে এই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারতের কূটনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক বিশ্বাস।

 
দুই দেশের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

 

সাক্ষাৎ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।