Image description

ঢাকায় ভারতীয় ভিসার আবেদনের ওয়েবসাইট সম্প্রতি হ্যাক করার চেষ্টা হলেও হ্যাকাররা সুবিধে করতে পারেনি। কিন্তু কারা এর পিছনে জড়িত, তা জানাতে ঢাকার ভারতীয় হাইকমিশন চাপ বাড়াতেই কাজ হলো তড়িঘড়ি। রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করতে গিয়ে এই হ্যাকিং নিয়ে প্রশ্ন তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত পত্রপাঠ এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেররিজ়ম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সালাউদ্দিনের সঙ্গে এটাই ছিল প্রণয়ের প্রথম বৈঠক। ঘণ্টাখানেক বৈঠক চলে। বিকেলে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে সূত্রের খবর।

 
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের সম্পর্ক নয়। তাঁর কথায়, 'আমরা অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের অংশীদার। দু'দেশের পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা হিসেবে নয়, বরং শক্তি হিসেবে দেখতে চাই। আমাদের সম্পর্কের মূল ভিত্তি হবে অভিন্ন স্বার্থ।'

প্রণয়-সালাউদ্দিনের আলোচনায় দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মব-সন্ত্রাস ও হামলা প্রতিরোধ, ভারতীয় ভিসা সেন্টারগুলি পুনরায় পুরোদমে সচল করা এবং ভিসা প্রদানের হার বৃদ্ধি নিয়ে বিস্তারিত কথা হয়। সূত্রের খবর, হাইকমিশনার বলেন, 'বর্তমানে আমরা পর্যাপ্ত মেডিক্যাল ভিসা দিচ্ছি। তবে গত দেড় বছরে বিভিন্ন ভিসা সেন্টারের উপরে মব হামলা ও বিক্ষোভ-সহ নিরাপত্তাজনিত কারণে কার্যক্রম বিঘ্নিত হয়েছিল এবং ভিসা প্রদানের হারও কমে গিয়েছিল।' তবে তাঁর আশ্বাস, বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে পর্যায়ক্রমে সব সেন্টার খোলা হবে এবং ভিসা দেওয়ার হারও বাড়বে।

দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম অন্তরায় হিসেবে সীমান্ত হত্যার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে নিহতের সংখ্যা দ্রুততম সময়ের মধ্যে শূন্যে নামিয়ে আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। বৈঠকে দু'দেশের পুলিশ অ্যাকাডেমির মধ্যে প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা সই নিয়েও কথা হয়েছে।