Image description

ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান।

নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, নারীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগ। তাই ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

মুসলিম উম্মাহর কল্যাণের পাশাপাশি দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে মহিলা জামায়াত কাজ করে যাবে।
 

তিনি আরো বলেন, রমজান মাস আত্মসংযমের মাস। এ মাসে আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণের মাস রমজান। আসুন রমজানের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে আহ্বান জানান।

 

বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দল-মত-নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নরীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।