ইসরায়েলের মধ্যাঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। নতুন করে চালানো এ হামলায় পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ-এর বরাত দিয়ে দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের হামলায় মধ্য ইসরায়েলের দুটি স্থানে পাঁচজন আহত হয়েছেন।
৪০ বছর বয়সি এক নারী বিস্ফোরণে আহত হয়েছেন। এ ছাড়া কাচের টুকরা এবং বিস্ফোরণে আরও চারজন আহত হন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে বেনেই ব্র্যাকের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান থেকে ইসরায়েলে ছোড়ার পর রামাত গানে অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের টুকরা পড়েছে। অপরদিকে রোশ হায়াইনে ইরানের হামলায় যানবাহনে আগুন লেগেছে।
মধ্য ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন চালু করা হয়েছে, পরে উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং হাইফা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় আকারে হামলা শুরু করলে এই অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়, যার ফলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ৮০০ জন নিহত হন।
এর জবাবে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে।