Image description

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন মার্কিন সহকারী মন্ত্রী সেক্রেটারি কাপুর। এই সফরে আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে মার্কিন সহকারী মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর, এমন উল্লেখ করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল সোমবার এক বার্তায় এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেন। এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে ঢাকার পক্ষ থেকে সদ্য সই করা বাণিজ্য চুক্তির ভবিষ্যত পথ নির্দেশণা নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া, বাংলাদেশ এই সফরের বৈঠকে বিনিয়োগ, ব্যবসায়ীদের ভিসা সহযোগিতা, জ্বালানি ও রোহিঙ্গা সঙ্কট ইস্যূতে জোড় দিবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই সফরে ভূ-রাজনীতি, প্রতিরক্ষা, নির্দিষ্ট লক্ষ্যযুক্ত বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক কৌশলের প্রতি গুরুত্ব দিবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি বেচতে চায় কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

শীর্ষনিউজ