Image description

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৩ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি সাধারণ (General) ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও বহাল রাখা হয়েছে।

 

ইতিমধ্যেই কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা মেনে চলার প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে।

অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো- এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডাব্লিউ।

 

এদিকে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এছাড়া, আগামী ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগভিত্তিক রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।