সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নেতা নুর ছাপা সাবু। তাকে দেখতে গত শনিবার তার বাড়িতে যান আবু তাহের নামে দলটির আরেক নেতা। এ সময় তার হাতে ছিল একটি শটগান। কয়েক জনকে নিয়ে আবু তাহের অস্ত্র হাতে বসে আছেন– এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা চলছে। প্রকাশ্যে অস্ত্র হাতে লোকজন নিয়ে চলাফেরা করা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
জানা গেছে, আবু তাহের চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য আসলাম চৌধুরীর বেয়াই (ভাইয়ের মেয়ের শ্বশুর)। এ ছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দপুর ইউনিয়নের বিএনপির প্রার্থীর নির্বাচনী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রোববার রাতে সাজিদ চৌধুরী নামে এক ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন আবু তাহের। তার ডান হাতে শটগান। দুই পাশে আরও ছয়জন বসে আছেন। পোস্টের ক্যাপশনে লেখা, ‘তাহের আংকেল (বিএনপির নির্বাচনী সদস্য সচিব ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন) ভদ্র মানুষ। উনার হাতে শটগান দেখে এলাকার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আশা করি উনি বিষয়টা ক্লিয়ার করবেন।’
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনাম মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এটা উনার (আবু তাহের) লাইসেন্স করা, বাড়ি থেকে সীতাকুণ্ড বাসায় নিয়ে যাচ্ছেন, এ সময় অসুস্থ সাবুকে দেখতে তার ঘরে ঢুকার সময় গাড়ির ড্রাইভারের কাছে না রেখে হাতে রেখেছেন।’
জুবায়েত শাহীন নামের একজন লেখেন, ‘অস্ত্রবহনের নীতিমালায় লেখা আছে, বাংলাদেশে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আত্মরক্ষার জন্য অস্ত্র বহনের ক্ষেত্রে এটি গোপন রাখতে হয় এবং জনসমক্ষে অস্ত্র প্রদর্শন বা ভয় দেখানো দণ্ডনীয় অপরাধ। আগ্নেয়াস্ত্র অবশ্যই আত্মগোপন করে বা লোকচক্ষুর আড়ালে বহন করতে হবে। প্রকাশ্য প্রদর্শন বেআইনি।’
জানতে চাইলে নুর ছাপা সাবু বলেন, ‘তাহেরের অস্ত্রটি বৈধ। এটি নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের মহানগর এলাকায় সব সময় প্রকাশ্যে ঘোরাঘুরি করেন তিনি। তাতে কোনো সমস্যা হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে আবু তাহের বলেন, ‘বৈধ অস্ত্র আমার সঙ্গে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এতে জামায়াত-শিবিরের কিছু লোক না বুঝে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপপ্রচার করছে।’
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল কামাল বলেন, ‘বৈধ অস্ত্র কাছে রাখলে সমস্যা নেই।’
আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের বিধানে বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স করা অস্ত্র আত্মরক্ষার জন্য নিজেই বহন বা ব্যবহার করতে পারবেন। অন্যের ভীতি বা বিরক্তি উদ্রেক করতে পারে, এমনভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি দেখেছি। অস্ত্র বৈধ হলেও এভাবে প্রকাশ্যে চলাফেরার সময় সঙ্গে রাখার নিয়ম নেই। বিষয়টি অনুসন্ধান করে দেখা হবে।