Image description

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁন মারা গেছেন।

 

কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদযন্ত্রের জটিলতায় অসুস্থ হয়ে পড়েন শফিকুল ইসলাম। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বর্তমানে শফিকুলের মরদেহ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুনরায় তাকে পটুয়াখালী কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ বিষয়ে পটুয়াখালী কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, শফিকুল ইসলামের হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হতো। আজ বিকেল ৪টা ২০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।

 

শফিকুল ইসলামকে ২০২৫ সালের ১১ আগস্ট পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।