বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হট্টগোল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় এজলাসের সামনে থাকা বেঞ্চ ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরীসহ আদালত সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, সোমবার একই আদালতে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের জামিন মঞ্জুর করা হয়। এর প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকাল থেকেই তারা চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত বর্জন করে বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।
আইনজীবীদের আন্দোলনের মধ্যেই দুপুরে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা আদালতের কার্যক্রমে বাধা দেন। তারা আদালতের মধ্যে প্রবেশ করে এজলাসে থাকা চেয়ার-টেবিল এলোমেলো করে দেন। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।
বিকালে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এজলাসের চেয়ার-টেবিল অগোছালো অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, আদালত বর্জন করা অবস্থায় এজলাস শুরু করতে চাইলে তারা কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। পরে আদালতের কার্যক্রম বন্ধ করা হয়। তবে এজলাসের চেয়ার-টেবিল কে বা কারা এলোমেলো করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল ইসলাম বলেন, আদালতের ভেতরে কী ঘটেছে তা তার জানা নেই। আইনজীবীদের আন্দোলনের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। আন্দোলন চলাকালে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল-১ ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকদার মোহাম্মদ ইউনুসকে একটি মামলায় জামিন দেন আদালত। এ ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।