Image description

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে তারা স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং যোগদানপত্র জমা দেন। এরপরে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে আগামী কয়েক মাসের মধ্যে এসব সমস্যার সমাধান করে জনগণের ন্যায্য অধিকার তাদের কাছেই অর্পণ করবো। দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন প্রশাসক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। ভবিষ্যতে যেন কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় সে লক্ষ্যে কঠোরভাবে কাজ করার কথাও জানান তিনি।

রাজধানীর মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা করবে। তবে এ দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। জনগণ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, তিনি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ঘুষ ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমি যদি কোনো ঘুষ না খাই, তাহলে আমার কোনো কর্মকর্তাও ঘুষ খেতে পারবে না।” নৈতিকতা ও সুশাসনের ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় ছয়জন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এ ছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।