নারায়ণগঞ্জর ফতুল্লায় 'মাদক সংক্রান্ত' পূর্ববিরোধের জেরে মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমাবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন মাসদাইরের গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।
ইমনের বাবা ওমর খৈয়াম বলেন, দীর্ঘদিন কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরে আসে ইমন। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দা ফেরদৌস মোবাইলে ফোন করে গুদারাঘাটের ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ প্রান্তে বাবুল মিয়ার বাসার সামনে তাকে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জাহিদ, হৃদয়সহ কয়েকজন সন্ত্রাসীর হাতে ইমনকে তুলে দেয় ফেরদৌস। পরে জাহিদ ও অপর সন্ত্রাসীরা আমার ছেলেকে এলোপাতাড়ি কোপায়। প্রাণে বাঁচতে ইমন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও গিয়েও দ্বিতীয় দফায় কুপিয়ে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় ইমনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি ছেলে হত্যার বিচার চাই।
এ বিষয়ে নারায়ণগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, দুই পক্ষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তদের মধ্যে বিরোধ চলছিল। ইমন মাদক ও ডাকাতির প্রস্তুতির একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। আজ জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরে আসে। অন্যদিকে তার প্রতিপক্ষের লোকজনও কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছে। আজ রাতে মাদক সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ইমনকে কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।