Image description

নির্বাচনোত্তর সহিংসতায় প্রতিপক্ষের হামলায় যশোরের চৌগাছা উপজেলায় আহত পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন (৪৫) নিহত হয়েছেন। তিনি চৌগাছা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা।

তিনি কুঠিপাড়ার নজরুল ইসলামের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে কুঠিপাড়া মোড়ে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন চৌগাছা শহরে তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। এসময় পেছন থেকে স্থানীয় চিহ্নিত কতিপয় দুর্বৃত্ত এসএস পাইপ দিয়ে তার মাথার পেছন দিকে হামলা করলে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় রেফার্ড করা হয়। 

 

ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির পর বুধবার ভোররাতে তার মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। 

তবে ৭২ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি।

সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।

 

চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলেও তিনি জানিয়েছেন।