Image description

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। 

গতকাল শনিবার (২২ ফেব্রুয়রি) রাতে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।

মো. আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার বাবা শুকুর পাটোয়ারী গতকাল শনিবার দুপুরে মারা যান।

বাবাকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেন।

 

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় আলাউদ্দিনকে জানাজায় নেওয়া হয়।

জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র মামলা দায়ের হলে সেই মামলায় তিনি বর্তমানে জেলা কারাগারে আছেন।