বাগেরহাটে পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের ব্যস্ততম এলাকা কোর্ট চত্বর, বাগেরহাট সদর হাসপাতাল চত্বরসহ পৌরসভার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।
সংসদ সদস্য মঞ্জরুল হক রাহাদ বলেন, ‘আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। সমাজে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা চলবে না। একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।’ তিনি আরও বলেন, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ এগুলো জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তর করা হবে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এর পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদেরসহ সাধারণ মানুষদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে বলেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধির সরাসরি অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন গতি এসেছে। তারা আশা করেন, নিয়মিত তদারকি ও সমন্বিত প্রচেষ্টায় পৌরসভার সার্বিক পরিবেশের দৃশ্যমান উন্নয়ন ঘটবে।