প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় ও শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যুতে এই দুই আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী দুই মাসের মধ্যেই এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল খুব দ্রুতই ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭- এই দুই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন ব্যক্তি একসঙ্গে একাধিক আসনের সংসদ সদস্য থাকতে পারেন না।
এই আইনি বাধ্যবাধকতার কারণে তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় আরপিও অনুযায়ী সেই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এখন আইন মোতাবেক নতুন তফসিল ঘোষণার মাধ্যমে ওই আসনে ভোট গ্রহণ করা হবে।