Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আটক পাঁচজনকে করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেপ্তার করতে অভিযানে যায় আড়াইহাজার থানা পুলিশের একটি দল। পুলিশ তাকে আটক করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দেন । একপর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। 

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) অজিত, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ, ফারুক, শরীফ, সাইফুল ও নিজাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার জানান, ওয়ারেন্টভুক্ত এক নারী আসামি আসমাকে আটক করা হয়। আটকের পরপরই আসমা অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশকে ঘেরাও করে রাখে।

প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যরা সেখানে অবরুদ্ধ ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ সুযোগে স্বজনরা আসামি আসমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে আসামির পরিবারের দাবি, আসমা অসুস্থ হয়ে পড়ায় তাকে নরসিংদীর মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।