গাজীপুরের শ্রীপুরে জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সংবাদ সংগ্রহে গেলে রাজাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রউফের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদের নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের উপর এই হামলা চালায়। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা।
আহত সাংবাদিকরা হলেন, দৈনিক দেশ বর্তমান পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোজাহিদ, আসাদুজ্জামান আসাদ ও ওমর ফারুক মাহী।
সাংবাদিক মোজাহিদ জানান, গতকাল বুধবার ওই এলাকায় একটি জমি জবরদখল ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের বক্তব্য নিতে গেলে তাদের উপর এ হামলা চালানো হয়। এ সময় বার বার সাংবাদিক পরিচয় দিলেও তারা আঘাত করতে থাকে এবং সাথে থাকা সাংবাদিকদের মোবাইল ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’