Image description

পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে সীতাকুণ্ড পৌরসদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যসামগ্রী বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চাল, তেল ও খেজুর বিক্রি এবং অননুমোদিত সেমাই বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- প্রীতি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মদিনা এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা এবং হাজী এন্ড সন্সকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সদস্যরা।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও মজুতদারি প্রতিরোধ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজার মনিটরিং জোরদার এবং বিদ্যুৎ-পানি সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। বাজার মনিটরিং টিম গঠন করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি বা ভেজাল খাদ্য বিক্রির সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক খোকন শেখ, নির্বাহী প্রকৌশলী (ওজোপাডিকো লিমিটেড) তোফাজ্জল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া।

এছাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আজম আহমদ, পৌর জামায়াতের আমির মৌলানা জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রমজান মাসে ভোক্তাদের স্বার্থরক্ষায় প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জরুরি।

নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, সঠিক ওজন নিশ্চিত করা এবং ইফতারসামগ্রী স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রির বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যানজট নিরসন, নিরাপত্তা জোরদার এবং ঘাট ও বাজার এলাকায় সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার মনিটরিং জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়।

সভা শেষে উপস্থিত সবার সহযোগিতা কামনা করে রমজান মাসকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখতে রায়গঞ্জ উপজেলা বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। তিনি জানান, রমজানজুড়ে নিয়মিত বাজার তদারকি চালানো হবে এবং কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য আদায় ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, রায়গঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম দমনে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের উদ্যোগে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম চালানো হয়।

উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

বাজার পরিদর্শনকালে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও মাপের সঠিক মান নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সার্বিক বিষয় তদারকি করা হয়। অসংগতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি না হয়।