ভাষার চেতনাকে ধারণ করা অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করা হবে। সরকারের এমন সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। বইমেলায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।
সভা সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।