ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। পিতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিরল রেকর্ড গড়লেন।
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী মর্যাদায় ৫ জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেশির ভাগই বয়সে তরুণ। ৪১ জনই এবার প্রথম মন্ত্রী হয়েছেন। তবে চারদলীয় জোট সরকারে দায়িত্ব পালন করা কয়েকজন সিনিয়র নেতাকে না রাখা হলেও ঠাঁই পেয়েছেন ক্লিন ইমেজধারীরা। সকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র ২০৯ জন সংসদ সদস্য শপথ নেন। এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণপ্লাজার উন্মুক্ত স্থানে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা সরকারের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধি ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তবে সংসদের বিরোধী দল জামায়াত জোটের কোনো প্রতিনিধি মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাননি।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ছাড়া বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ইকবাল হাসান মাহমুদ টুকুকে এবার প্রমোশন দিয়ে পূর্ণমন্ত্রী করা হয়েছে। যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আইনমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অ্যাটর্র্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে। টেকনোক্রেট কোটায় তিনজনকে মন্ত্রী করা হয়েছে। এরমধ্যে চমক হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান। অভিজ্ঞ এই কূটনীতিককে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনে পরাজিত হয়েও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক। এ ছাড়া কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২২ জন এবারই প্রথম এমপি হয়েছেন। তারা সবাই উচ্চশিক্ষিত ও ক্লিন ইমেজধারী। এদিকে মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেলের মতো নেতারা।
পূর্ণ মন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়), সালাহউদ্দিন আহমেদ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়), হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), এজেড এম জাহিদ হোসেন (সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খলিলুর রহমান (পররাষ্ট্র মন্ত্রণালয়), আবদুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়), শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম মন্ত্রণালয়), মিজানুর রহমান মিনু (ভূমি মন্ত্রণালয়), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি মন্ত্রণালয়), খন্দকার আবদুল মুক্তাদির (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়), আরিফুল হক চৌধুরী (প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), আমিনুর রশিদ (কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়) আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (পানি সম্পদ মন্ত্রণালয়), আসাদুল হাবীব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়), জাকারিয়া তাহের সুমন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), দিপন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), আনম এহসানুল হক মিলন (শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়), সরদার সাখাওয়াত হোসেন বকুল (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), ফরিদ মাহবুব আনাম (ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়)।
২৪ প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), মো. শরিফুল আলম (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়), কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়), ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ মন্ত্রণালয়), মো. আমিনুল হক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), হাবিবুর রশিদ (সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়), মো. রাজীব আহসান (সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়), মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়), মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), জোনায়েদ সাকি (অর্থ ও পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), ফারজানা শারমিন পুতুল (মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়), শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ বন, জলবায়ু, ধর্ম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), মো. নুরুল হক নুর (শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক ও টেলিযোগযোগ, তথ্যপ্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), ববি হাজ্জাজ (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)।
তারেক রহমান সংসদের নেতা নির্বাচিত: এদিকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শপথ নেন বিএনপি’র নবনির্বাচিত এমপিরা। সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। শপথ গ্রহণের পর বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদের নেতা নির্বাচিত করা হয়েছে। সংসদীয় দলের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এটা একটি ঐতিহাসিক মুহূর্ত যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া, সংসদকে অকার্যকর করা এই পর্বের পরে জনগণের অনেক রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এই সংসদের মধ্যদিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
নিয়ম অনুযায়ী প্রথমে তারেক রহমান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন। প্রধানমন্ত্রী শপথ নেয়ার পর প্রেসিডেন্ট তাকে অভিনন্দন জানান। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে বিকাল ৩টা ৫৮ মিনিটে সরকারপ্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করলে তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত তারেক রহমান শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। বিকাল ৪টা ৪ মিনিটে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠান শেষে রাতে পরিবারের সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপি’র সংসদ সদস্যরা: এদিকে বিএনপি’র সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। তিনি বলেন, আজকে আমাদের প্রথম এই সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বিএনপি’র সংসদ সদস্য তারা ডিউটি ফ্রি কোনো গাড়ি নেবেন না এবং কোনো প্লটও নেয়া হবে না সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ জনকে নিয়োগ
মন্ত্রী মর্যাদা দিয়ে ৫ জন এবং প্রতিমন্ত্রী মর্যাদায় আরও ৫ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী: এদিকে আজ সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা। এরপর বেলা ১১টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ওদিকে বিকালে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেবেন। বিকাল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।