Image description

খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়লের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। বিকেলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ইমরান (৪৫), ইরাদুল মোল্লা (৬০), কামরুল শেখ (৩৯), সাদি শেখ (৩৫) ও আনোয়ার (৪০)সহ আরো কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে মূলত: এই সংঘর্ষের সূত্রপাত। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম দাবি করেন, তাদের ওপর জামায়াতের লোকজন হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এটি বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নয়, বরং আমাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে।

’ তাঁর দাবি, তাদের পাঁচজন আহত হয়েছেন।

 

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।