পবিত্র রমজান মাসে তারল্য ব্যবস্থাপনা ও অর্থবাজারের (মানি মার্কেট) লেনদেনের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নতুন সময়সূচি রেপো, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ), স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ), ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ), আন্তঃব্যাংক রেপো এবং সেকেন্ডারি মার্কেটের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন সূচি অনুযায়ী, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
কেন্দ্রীয় ব্যাংক রেপো ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।
স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে।
আন্তঃব্যাংক রেপো ও সেকেন্ডারি ট্রেড (ওটিসি) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
ট্রেজারি ওয়ার্কস্টেশন (টিডব্লিউএস) প্ল্যাটফর্মে সেকেন্ডারি ট্রেডের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
এ ছাড়া রমজান মাসে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের অধীন সব কার্যক্রম সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা যাবে।
রমজান শেষে অর্থবাজারের কার্যক্রম আগের নিয়মিত সময়সূচিতে ফিরে যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।