যশোরে এক বিএনপি নেতার পার্কিং করা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যশোর শহরতলীর বাহাদুরপুর মেহগনিতলা এলাকায় গাড়ি দুটিতে আগুন দেওয়া হয়। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। অপর গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস মালিক আবু বক্কার সিদ্দিক বেলাল নওয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য।
আবু বক্কার জানান, বাস দুটি যশোরের বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে পরিচালনা করে। দুমাস হলো টেন্ডার না হওয়ায় তিনি বাস দুটি মেহগনিতলায় রেখে দেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তিনি জানতে পারেন, পার্কিং করা তার বাসে কে বা কারা আগুন দিয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি বাসে আগুন জ্বলছে। পাশে রাখা অপর বাসটি তিনি সে সময় দ্রুত সরিয়ে নেন।
একই সঙ্গে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। অপর বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে তিনি দাবি করেছেন।
রাতেই ঘটনাস্থলে যান কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কাজী বাবুল বলেন, পার্কিং করা বাসে আগুন দেওয়ার সংবাদ শুনে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পেয়েছি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ বিষয়ে বাস মালিক আবু বক্করের সঙ্গে কথা হয়েছে। তিনি এখনও পর্যন্ত (১৪ ফেব্রুয়ারি দুপুর ১ টা) থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যুগান্তর