ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গেজেট প্রকাশের পর থেকেই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনে ইতোমধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, “সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না।” তিনি জানান, শুক্রবার থেকেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট টিম ও কেবিনেট সমন্বিতভাবে কাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত প্রকাশ করা হয়নি।
জনকণ্ঠ