বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই জয় বাংলাদেশ-ভারত সম্পর্কে কোন ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে চলছে বিশ্লেষণ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বিএনপির জয়ের পর কালবিলম্ব না করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জয়ে সেই সম্পর্ক পুনস্থাপন হতে পারে।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ করে আসছে ভারত। সরকার গঠনের পর সংখ্যালঘু ইস্যুতে তারেক রহমানের কাছে ভারত তার উদ্বেগের বিষয়টি তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, জামায়াতের বিপরীতে তারেক রহমানকে অনেক বেশি উদারপন্থি হিসেবে বিবেচনা করে ভারত। ইসলামপন্থি জামায়াত ক্ষমতায় আসলে, তা হতো ভারতের জন্য উদ্বেগের।
তারেক রহমানের জয় পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনে প্রভাব ফেলতে পারে, কারণ এই দুই রাজ্যেই অনুপ্রবেশ একটি গুরুত্বপুর্ণ উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে।
ইন্ডিয়া টুডে বলছে, তারেক রহমান জামায়াতের সমালোচক। জামায়াত অনেকটাই পাকিস্তান ও চীন ঘেঁষা। সে তুলনায় তারেক রহমান অনেক বেশি উদারপন্থি, যা ভারতের জন্য সুবিধাজনক।