Image description

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশবাসীর উদ্দেশে বলতে চাই, এখন সময় প্রতিরোধের। যদি ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা তছনছ করে দেব, খানখান করে দেব। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেব।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, জেন-জি ও নারীদের ওপর আপনারা হামলা করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে। আমরা খুনের দাবিতে এখনো মাঠে আছি, আবার যদি কাউকে খুন করতে আসেন, সে সুযোগ আমরা আর দেব না। মানুষ প্রতিরোধ করছে।

 

নাসীরুদ্দীন বলেন, তারা আমার ওপর ইট নিক্ষেপ করেছিল, কিন্তু সেটি আমার গায়ে না লেগে আমার আসন পরিচালকের মাথায় লেগেছে। রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে আঘাত করা হয়। সেনাবাহিনীর সামনেই আঘাত করা হয় বলে জানান তিনি।

 
 

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।

 

এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব— খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।