খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিজাইডিং অফিসারকে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটি তুলেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।
ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, ‘এশার নামাজ আদায়ের কথা বলে মসজিদে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে কীভাবে বেশি ভোট আদায় করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। পরে জনতা তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ইউএনও সেখানে উপস্থিত হন এবং সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন।’
ঘটনার বিষয়ে আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, ‘আমি কেন্দ্রে দায়িত্ব পালন করছিলাম। মাহমুদুল হাসান নামাজ পড়তে গিয়েছিলেন। পরে অনিয়মের অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’