Image description
 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার ইতোমধ্যে জেলা পর্যায় থেকে উপজেলায় পাঠানো হয়েছে এবং বুধবার সকাল থেকেই সেগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করবে।

 


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


তিনি জানান, এবারের নির্বাচনে মোট ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২ হাজার ২৮ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ, যেখানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

 


নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন ৪৫ হাজার ৩১৩ জন। পাশাপাশি ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আসছেন। এ ছাড়া নির্বাচন কভার করতে নিবন্ধন করেছেন ১৫৬ জন বিদেশি সাংবাদিক।

 


নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য, বলেও জানান নির্বাচন কমিশনার।