গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার ও জব্দ করা হয়।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুইটি হাতলযুক্ত হ্যামার।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে বাধাগ্রস্ত করা অথবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।