Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলাসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। ভোটগ্রহণের আগে, ভোটের দিন ও ভোটে পরবর্তী সময়সহ নির্বাচনকালীন দিনগুলোতে রোহিঙ্গাদের ক্যাম্পগুলোর বাইরে যাতায়াত বন্ধ এবং গতিবিধি পর্যবেক্ষণে ইতোমধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ।

 

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের উদ্ভট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদারসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

লে. কর্নেল তানভীর আহমেদ আশ্বাস দিয়ে বলেন, কক্সবাজারের চারটি আসনের দুর্গম ভোটকেন্দ্রগুলোতেও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে অনিয়ম কিংবা সংঘাতের সৃষ্টি হলে সেনাবাহিনী পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে সরাসরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। নির্বাচনে কোনো অশুভ শক্তি সহিংসতা সৃষ্টি করার সুযোগ পাবে না।

এ সময় ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশ্বাস দেন রামু সেনানিবাসের এ কর্মকর্তা।

 

মতবিনিময় সভার পূর্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গেল কয়েকদিনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর পরিচালিত অভিযানের চিত্র তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল সুতফা জামান।

 

এ সময় তিনি জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ৪৬টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্য। এতে গ্রেপ্তার করা হয় আলোচিত হত্যা মামলার আসামিদের পাশাপাশি ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ১৪৯ জন রোহিঙ্গাকে।

 

মতবিনিময় সভায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, বিজিবির রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব ও মেজর ওমর ফারুক, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আ. ম. ফারুকসহ যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।