শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সঠিক বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। সাক্ষাৎ শেষে তিনি জানিয়েছেন, হাদির বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ০১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ড. মুহাম্মদ ইউনূস তাঁকে ও ফিরনাসকে দুপুর ১২টায় তাঁর বাসভবনে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পথে ‘ইনকিলাবের ভাইবোনদের’ ওপর হামলার ঘটনা ঘটে, যা দেখে তাঁর কাছে মনে হয়েছে সরকারের ভেতরে এখনও হাসিনার অনুসারীরা সক্রিয় রয়েছে।
তিনি জানান, শুরুতে সাক্ষাতের উদ্দেশ্য পরিষ্কার ছিল না। পরে বোঝা যায়, ফিরনাসের দেখাশোনার বিষয়ে ড. ইউনূস আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কাগজপত্র হস্তান্তরের জন্যই তাঁদের ডাকা হয়েছিল। তখন তিনি স্পষ্টভাবে প্রশ্ন তোলেন, হাদির হত্যার বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে কি না। তিনি জানিয়ে দেন, এই নিশ্চয়তা না পেলে ফিরনাস কোনো সহায়তা গ্রহণ করবে না।
রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, জবাবে প্রধান উপদেষ্টা তাঁকে আশ্বস্ত করেছেন যে, তাঁর হাতে যতটুকু ক্ষমতা ও সুযোগ আছে, এমনকি প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানেও হোক, হাদির সঠিক বিচার নিশ্চিত করতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবেন।
এ ছাড়া তিনি লিখেন, ভাইবোনদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। নিজের জীবন ও চাকরির বিষয়ে জানতে চাইলে রাবেয়া ইসলাম সম্পা জানান, তিনি নিজের যোগ্যতার ভিত্তিতেই কাজ করতে চান। ফিরনাসের জন্য নেওয়া উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।